ক্ষুদ্র অভ্যাস যেভাবে বড় পরিবর্তন আনে
আমাদের ভেতর একটা অদ্ভুত প্রবণতা আছে—আমরা জীবনের কোনো একটা বিশাল বা নাটকীয় মুহূর্তকে অনেক বড় করে দেখি, আর দৈনন্দিন জীবনের ছোট ছোট ইতিবাচক পরিবর্তনগুলোর গুরুত্বকে এক লহমায় তুচ্ছ মনে করে উড়িয়ে দিই।
আমরা প্রায়শই নিজেদের মনকে এই বলে সান্ত্বনা দিই যে, বিরাট কোনো সাফল্য পেতে হলে বুঝি বিরাট কর্মকাণ্ডই করতে হবে। ওজন কমানো হোক, ব্যবসা দাঁড় করানো হোক, কোনো বই লেখা হোক, প্রতিযোগিতায় শিরোপা জেতা কিংবা অন্য যেকোনো লক্ষ্য অর্জন—আমরা সবসময় নিজেদের ওপর এমন এক চাপ তৈরি করি যেন পৃথিবী কাঁপানো কিছু একটা ঘটিয়ে ফেলতে হবে, যা নিয়ে সবাই হইচই করবে।
অথচ প্রতিদিন নিজেকে মাত্র ১ শতাংশ উন্নত করা খুব আহামরি কোনো ব্যাপার মনে হয় না; অনেক সময় তো তা চোখেও পড়ে না। কিন্তু দীর্ঘমেয়াদে এই ক্ষুদ্র পরিবর্তনটাই বয়ে আনতে পারে সবচেয়ে অর্থবহ ফলাফল। সময়ের ব্যবধানে এই সামান্য একটু উন্নয়ন যে কী অভাবনীয় রূপ নিতে পারে, তা সত্যিই চমকে দেওয়ার মতো!
হিসেবটা অত্যন্ত সহজ। আপনি যদি প্রতিদিন নিজেকে মাত্র ১ শতাংশ করে ভালো করতে পারেন, তবে পুরো এক বছর পর গিয়ে দেখবেন, আপনি আগের চেয়ে প্রায় ৩৭ গুণ বেশি উন্নত হয়ে গেছেন। বিপরীতে, প্রতিদিন যদি মাত্র ১ শতাংশ করে নিজের অবনতি ঘটান, তবে এক বছর পর আপনি কার্যত শূন্যের কোঠায় নেমে যাবেন। যা শুরু হয়েছিল এক সামান্য জয় কিংবা ক্ষুদ্র এক পিছুটান হিশেবে, সময়ের স্রোতে তা এক দানবীয় রূপ ধারণ করে।
আত্মউন্নয়নের ক্ষেত্রে আমাদের অভ্যাসগুলো হলো মূলত ‘চক্রবৃদ্ধি সুদ’ বা কম্পাউন্ড ইন্টারেস্টের মতো। চক্রবৃদ্ধি সুদের নিয়মে টাকা যেমন বহুগুণে বাড়ে, ঠিক তেমনি অভ্যাসগুলোকে বারবার পুনরাবৃত্তি করার মাধ্যমে তাদের প্রভাবও ক্রমাগত গুণিতক আকারে বৃদ্ধি পায়। যেকোনো একক দিনে এদের প্রভাব হয়তো খুবই নগণ্য মনে হয়, কিন্তু মাস কিংবা বছরের ব্যবধানে এর যে প্রভাব এসে পড়ে, তা পাহাড়সম। দুই বছর, পাঁচ বছর কিংবা দশ বছর পর পেছনের দিকে তাকালেই কেবল ভালো অভ্যাসের প্রকৃত মূল্য আর বদভ্যাসের চড়া মাশুল স্পষ্ট চোখে পড়ে।
প্রতিদিনের ব্যস্ত জীবনে এই সত্যটা উপলব্ধি করা বেশ কঠিন। তাৎক্ষণিকভাবে খুব একটা তফাত দেখা যায় না বলেই আমরা ছোট ছোট পরিবর্তনগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দিই। আজ যদি আপনি সামান্য কিছু টাকা সঞ্চয় করেন, আপনি কিন্তু রাতারাতি কোটিপতি হয়ে যাবেন না। টানা তিন দিন জিমে গেলেই আপনি সুঠাম দেহের অধিকারী হবেন না। আজ রাতে টানা এক ঘণ্টা কোনো নতুন ভাষা শেখার চেষ্টা করলেই সে ভাষায় আপনি পণ্ডিত হয়ে যাবেন না। আমরা নিজেদের মধ্যে সামান্য কিছু পরিবর্তন আনি ঠিকই, কিন্তু যখন দেখি ফলাফল দ্রুত মিলছে না, তখন ধৈর্য হারিয়ে আবার পুরনো বৃত্তেই ফিরে যাই।
দুর্ভাগ্যবশত, পরিবর্তনের এই ধীরগতির কারণেই বদভ্যাসগুলোও খুব সহজে আমাদের ভেতর শিকড় গেড়ে বসে। আজ যদি আপনি অস্বাস্থ্যকর কোনো খাবার খেয়ে ফেলেন, ওজনের কাঁটা কিন্তু খুব একটা নড়বে না। আজ রাতে যদি অফিসে অতিরিক্ত সময় কাটিয়ে পরিবারকে অবহেলা করেন, তারা হয়তো ভালোবেসে আপনাকে ক্ষমা করে দেবে। কোনো কাজ ফেলে রেখে যদি কালকের জন্য রেখে দেন, ভাবেন পরে তো সময় পাওয়া যাবেই। একটিমাত্র ভুল সিদ্ধান্তকে খুব তুচ্ছ মনে করে এড়িয়ে যাওয়া সহজ।
কিন্তু যখন আমরা এই ১ শতাংশ ভুলের পুনরাবৃত্তি করতেই থাকি—দিনকে দিন একের পর এক বাজে সিদ্ধান্ত নিই, ভুলগুলোর পুনরাবৃত্তি ঘটাই আর ছোটখাটো নানা অজুহাত দাঁড় করাই—তখন সেই ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলো জমা হয়ে বিষাক্ত রূপ ধারণ করে। এখানে একটু ঘাটতি, সেখানে একটু অবনতি—এভাবে শত ভুল পদক্ষেপের সমষ্টিই একসময় বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়ায়।
অভ্যাসের এই পরিবর্তনটা ঠিক একটা বিমানের গতিপথ সামান্য কয়েক ডিগ্রি বদলে যাওয়ার মতো। ধরুন, আপনি লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে বিমানে চড়েছেন। উড্ডয়নের সময় পাইলট যদি দিক নির্দেশক কম্পাসটি দক্ষিণ দিকে মাত্র ৩.৫ ডিগ্রি ঘুরিয়ে দেন, তবে আপনি নিউ ইয়র্কের বদলে গিয়ে পৌঁছাবেন ওয়াশিংটন ডিসিতে! বিমান ওড়ার মুহূর্তে এই অতি সূক্ষ্ম পরিবর্তনটা হয়তো চোখেই পড়বে না—বিমানের অগ্রভাগ হয়তো মাত্র কয়েক ফুট সরেছে—কিন্তু পুরো আমেরিকা পাড়ি দেওয়ার পর দেখা যাবে আপনি গন্তব্য থেকে শত শত মাইল দূরে ছিটকে পড়েছেন।
ঠিক একইভাবে, আপনার প্রতিদিনের অভ্যাসের সামান্য একটি পরিবর্তন আপনার জীবনকে একেবারে ভিন্ন এক ঠিকানায় নিয়ে পৌঁছে দিতে পারে। যেকোনো মুহূর্তে ১ শতাংশ ভালো কিংবা ১ শতাংশ খারাপ কোনো সিদ্ধান্ত বেছে নেওয়া আপাতদৃষ্টিতে অর্থহীন মনে হতে পারে; কিন্তু জীবনের সুদীর্ঘ ক্যানভাসে এই সিদ্ধান্তগুলোর সমষ্টিই ঠিক করে দেয় আপনি আজ যা আছেন আর আপনার যা হওয়ার সম্ভাবনা ছিল—তার মধ্যকার আকাশ-পাতাল ব্যবধান। সাফল্য কোনো রাতারাতি ঘটে যাওয়া অলৌকিক রূপান্তর নয়, সাফল্য হলো প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের সুফল।
কাজেই, এই মুহূর্তে আপনি কতটা সফল বা ব্যর্থ, সেটা বড় বিষয় নয়। আসল বিষয় হলো—আপনার অভ্যাসগুলো কি আপনাকে সাফল্যের সঠিক রাজপথে এগিয়ে নিয়ে যাচ্ছে? বর্তমান ফলাফলের চেয়ে আপনার বর্তমান গতিপথ কোন দিকে, তা নিয়েই আপনার বেশি ভাবা উচিত। আপনি হয়তো কাড়িকাড়ি টাকার মালিক, কিন্তু প্রতি মাসে আয়ের চেয়ে বেশি ব্যয় করছেন; তার মানে আপনার গতিপথ ভুল। এই খরচের অভ্যাস না পাল্টালে পরিণাম কখনোই সুখকর হবে না। উল্টোদিকে, আপনার পকেটে হয়তো এখন কানাকড়িও নেই, কিন্তু প্রতি মাসে আপনি সামান্য হলেও সঞ্চয় করছেন; তার মানে আপনি সঠিক পথেই আছেন—গতি হয়তো আপনার মনের মতো দ্রুত নয়, তাও আপনি আর্থিক মুক্তির পথেই এগোচ্ছেন।
আপনার জীবনের ফলাফলগুলো মূলত আপনার অতীতের অভ্যাসগুলোরই বিলম্বে প্রকাশিত প্রতিচ্ছবি। আপনার আর্থিক সঞ্চয় হলো আপনার অর্থ ব্যবস্থাপনার অভ্যাসের ফল। আপনার শরীরের ওজন হলো আপনার খাদ্যাভ্যাসের ফল। আপনার জ্ঞান হলো আপনার অধ্যয়নের অভ্যাসের ফল। এমনকি আপনার ঘরের বিশৃঙ্খলাও আপনার পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাসের ফল। আপনি প্রতিদিন যার পুনরাবৃত্তি ঘটাবেন, দিনশেষে আপনি ঠিক তা-ই পাবেন।
ভবিষ্যতে আপনার জীবন কোন ঠিকানায় গিয়ে ঠেকবে তা যদি আগেভাগেই দেখতে চান, তবে প্রতিদিনের ক্ষুদ্র ক্ষুদ্র লাভ কিংবা ক্ষতির রেখাচিত্রটির দিকে চোখ রাখুন। দেখুন, আপনার আজকের পছন্দগুলো দশ বা বিশ বছর পর গিয়ে কীভাবে পুঞ্জীভূত হচ্ছে। আপনি কি প্রতি মাসে আয়ের চেয়ে কম খরচ করছেন? প্রতি সপ্তাহে কি শরীরচর্চা চালিয়ে যাচ্ছেন? প্রতিদিন কি বই পড়ে নতুন কিছু শিখছেন? এই যে প্রতিদিনের ছোট ছোট আত্মিক লড়াই—এগুলোই নির্মাণ করছে আপনার ভবিষ্যতের আপনিকে।
সময় কিন্তু সাফল্য আর ব্যর্থতার মাঝের ব্যবধানটাকে বহুগুণ বাড়িয়ে দেয়। সময়কে আপনি যা উপহার দেবেন, সময় তাকেই বহুগুণ করে আপনাকে ফিরিয়ে দেবে। ভালো অভ্যাস সময়কে আপনার পরম মিত্র বানিয়ে তোলে, আর বদভ্যাস সময়কে বানিয়ে দেয় আপনার চরম শত্রু।
অভ্যাস হলো এক দুধারী তলোয়ার। ভালো অভ্যাস যেভাবে আপনাকে উন্নতির শিখরে তুলতে পারে, বদভ্যাস ঠিক তেমনি এক লহমায় আপনাকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। এই কারণেই এর প্রতিটি সূক্ষ্ম বিষয় গভীরভাবে বোঝা অত্যন্ত জরুরি। অভ্যাস কীভাবে কাজ করে এবং কীভাবে একে নিজের কল্যাণে পরিচালিত করতে হয় তা আপনাকে জানতেই হবে, যেন এই তলোয়ারের ধারালো দিকটি আপনাকে ক্ষতবিক্ষত করতে না পারে।
.
Souce : Book – Atomic Habits